ফেনীতে আঞ্চলিক ইজতেমা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইতিমধ্যে ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে।
ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-কুমিল্লা পুরাতন সড়কের পাশে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুরে আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হবে। শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
ভারত, মিসর, সুদান, মরক্কো, কাতার ও ওমানের তাবলিগ জামাতের প্রতিনিধিরা ফেনীর এই আঞ্চলিক ইজতেমায় যোগ দিচ্ছেন।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান গতকাল ইজতেমাস্থল পরিদর্শন করেন। তিনি ইজতেমার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, ইজতেমার মূল প্যন্ডেলের আয়তন সাড়ে ছয় লাখ বর্গফুট। গত ২১ ডিসেম্বর তাঁরা প্রস্তুতি শুরু করেন। প্রতিদিন গড়ে ৫০০ স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং জানান, ইজতেমাস্থলে ৩০টি ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরা ও ৬টি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। ইজতেমার প্যান্ডেলে পুলিশের ৪৫০ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্যান্ডেলের বাইরে থাকবে র্যা ব ও পুলিশের টহল দল।
শহর থেকে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আজ থেকে তিন দিন টাউন সার্ভিসের বাস শর্শদি ইউনিয়নের ফতেপুরে স্টারলাইন ফিলিং স্টেশন পর্যন্ত চলাচল করবে।