ফেনীতে আটক ৩৪, পাটগ্রামে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথবাহিনীর বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার রাতে ফেনীতে জামায়াত-শিবিরের ৩৪ কর্মীকে আটক করা হয়েছে। একই দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চার নারীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের নয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:

ফেনী: গতকাল রাতে ফেনী শহরের জামায়াত-শিবির-অধ্যুষিত পাঠানবাড়ী এলাকা ও ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় যৌথভাবে অভিযান চালান পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক প্রথম আলো ডটকমকে জানান, আটক হওয়া ব্যক্তিদের ফেনী মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে।

১৮ দলের গত তিন দফার হরতাল-অবরোধ চলাকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে টিঅ্যান্ডটি ভবন, পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউস, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিতরণ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় মার্কেন্টাইল ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল, দেবীপুর, লেমুয়া ও ফাজিলপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও দাগনভূঞার সিলোনীয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া দুর্বৃত্তরা ট্রাংক রোডের খাজুরিয়া এলাকায় ‘নির্মাণ সুপার মার্কেট’ ও ফালাহিয়া লেনে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ট্রাংক রোডে গুলিতে আহত হয়ে শিবিরের একজন কর্মী, সিলোনীয়া বাজার এলাকায় একজন রিকশাচালক ও ইটের আঘাতে শহীদুল্লা কায়সার সড়কে একজন সিএনজি অটোরিকশাচালক ও মহিপাল এলাকায় একজন কাভার্ডভ্যানের হেলপারসহ চারজন নিহত হন।

পাটগ্রাম (লালমনিরহাট): গতকাল রাতে উপজেলার কুচলিবাড়ি ও জোংড়া ইউনিয়নের জামায়াতের চার নারীকর্মীসহ জামায়াত-শিবিরের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ ডিসেম্বর উপজেলার কাফির বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় এ নয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের কাফির বাজার গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী জামায়াতের মহিলা কর্মী লিপি বেগম (৪২), একই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী রুমা বেগম (৩৫), তাঁর মেয়ে মুক্তি বেগম (২০), আবদুল লতিফের স্ত্রী খাদিজা বেগম (৪৮), একই ইউনিয়নের মমিনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে বিএনপিকর্মী দিলদার হোসেন (৪২), একই গ্রামের আজাহার আলীর ছেলে শিবিরের কর্মী একরামুল হক (১৮), মোকলেছুর রহমানের ছেলে রাসেল হোসেন (৩৮), কুচলিবাড়ি ইউনিয়নের আশরাফ আলীর ছেলে শিবিরের কর্মী আলমগীর হোসেন (২০) ও আসমতুল্লার ছেলে আবেদ আলী (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলো ডটকমকে জানান, লালমনিরহাট জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।