ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির হামলা, গ্রেপ্তার ৪
ফেনীর পরশুরাম পৌরসভার গুথুমা ও বাঁশপদুয়া এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রসুল আহম্মদকে গত সোমবার রাতে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন। এ ঘটনায় রাতেই তাঁর উত্তেজিত সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা স্থানীয় বিএনপির নেতা নুরুল ইসলাম মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পৌর কাউন্সিলর রসুল আহম্মদকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন থেকে পরশুরাম পৌরসভার গুথুমা ও বাঁশপদুয়া গ্রাম এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রসুল আহম্মদ ও বিএনপির নেতা নুরুল ইসলাম মজুমদারের সমর্থকদের মধ্যে নিজ এলাকায় ঢাকার একজন যুবলীগ নেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে পৌর কাউন্সিলর রসুল আহম্মদ গত শনিবার বিকেলে নুরুল ইসলামের সমর্থক দুই কর্মীকে মারধর করে। গত রোববার রাতে পরশুরাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রসুল আহম্মদকে একা পেয়ে গুথুমা গ্রামের মিলনের করাতকলের সামনে ছাত্রদল ও যুবদলের কর্মীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাউন্সিলর রসুল আহম্মদের ওপর হামলার খবর পেয়ে তাঁর সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে এবং তারা দ্রুত সংগঠিত হয়ে রাত একটার দিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মজুমদারের বাঁশপদুয়া গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে নুরুল ইসলাম মজুমদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।গতকাল মঙ্গলবার সকালে সরকারি দলের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা স্থানীয় কাউন্সিলরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পরশুরাম ডাকবাংলার মোড়ে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করেন। কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় পরশুরাম থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন পরশুরাম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউল হক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নুর আহম্মদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন ও মো. ফারুক।পরশুরাম থানা বিএনপির সভাপতি হাবিবুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের চারজন নেতা-কর্মীকে ধরে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। অথচ বিএনপির নেতার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস পৌর কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।