ফেনীতে আরও চারজন করোনায় আক্রান্ত
ফেনীতে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ মাসের একটি শিশু রয়েছে। এদের মধ্যে আবার দুজন করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসায় এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফুলগাজীতে করোনা আক্রান্ত মেয়ের সংস্পর্শে এসে মা (৫০) এবং দাগনভূঁঞার জায়লস্করে নারী জনপ্রতিনিধির সংস্পর্শে এসে শ্বশুর (৭০) করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ফেনী সদর উপজেলারয় বালিগাঁও ইউনিয়নের আফতাববিবি হাট এলাকায় ঢাকাফেরত এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র (২৫) ও ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় ৮ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় দুজনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিদের নিজ বাসভবনে হোম আইসোলেশনে রেখে নাকি আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি। স্বাস্থ্য বিভাগ তাঁদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে। ফেনী সদর উপজেলার করোনা আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে। ফুলগাজী ও দাগনভূঁঞায় দুই বাড়ি আগে থেকে লকডাউন করা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১ জন জনপ্রতিনিধি, ১ জন সরকারি কর্মকর্তা, ২ জন চিকিৎসা কর্মকর্তা, ৫ জন স্বাস্থ্যকর্মীসহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজন ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন ইউনিট এবং একজন হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। বাকিদের মধ্যে একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঁঞায় এক নারী সুস্থ হয়ে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন।