ফেনীতে আহত যুবলীগ কর্মীর মৃত্যু
ফেনীতে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মী শাহাদাত হোসেন (২০) চার দিন পর সোমবার রাতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২০ ডিসেম্বর তিনি আহত হন। শাহাদাত ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজারের পাশে ২০ ডিসেম্বর দুপুরে আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী শহীদের নেতৃত্বে চার-পাঁচজন শাহাদাত হোসেনের ওপর অতর্কিতে হামলা চালায়। তিনি তখন তাঁর অপর দুই বন্ধুসহ মোটরসাইকেলে করে বাড়ি থেকে লস্করহাট বাজারে যাচ্ছিলেন।
আহত শাহাদাতকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে পরে তাঁকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত সোমবার রাত আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই তাঁর লাশের ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাঁর বাবা মো. বেলাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।