ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ আরও ৫৫ জনের করোনা শনাক্ত

ফেনীতে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬৬। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় করোনায় নতুন আক্রান্ত ৫৫ জনের মধ্যে ১ জন ইউপি চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তা রয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১১২ জন।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. রুবায়েত বিন করিম বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত ১৭ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। অন্যদের হোম আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ জন। পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।