ফেনীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা দুই হাজার ১০০ নিষিদ্ধ ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছেন। এ ছাড়া অন্য এক অভিযানে ৫৫ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। ইয়াবা ও বাংলা মদের আনুমানিক দাম ধরা হয়েছে ছয় লাখ ৪১ হাজার টাকা।র‌্যাবের ফেনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ফেনী শহরের ট্রাঙ্ক রোডে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে গাড়ির সহকারী (হেলপার) মো. ইউনুছকে (৩২) আটক করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাসের বিভিন্ন স্থান থেকে দুই হাজার ১০০ নিষিদ্ধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি ফরিদপুর জেলার বসন্তপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।এদিকে অন্য এক অভিযানে দাগনভূঞা উপজেলা সদরের বেতুয়া এলাকা থেকে ৫৫ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। র‌্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন দুই হাজার ১০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার এবং ৫৫ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।