ফেনীতে উচ্চবিদ্যালয় জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গত মঙ্গলবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে পশ্চিম বিজয়সিংহ উচ্চবিদ্যালয় ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কারও নাম উল্লেখ না করে একটি মামলা হয়েছে। আগুন দেওয়ার সঙ্গে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দুর্বৃত্তরা বিদ্যালয় ভবনে আগুন দেয়। বিদ্যালয়ের পাশের ব্যবসায়ী ও এলাকাবাসী টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাঁরা দমকল বাহিনীকে খবর দেন। ফেনী থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের আধা পাকা ভবনটি পুড়ে যায়।
প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, শ্রেণীকক্ষ, অফিসকক্ষ, ফাইলপত্র, কম্পিউটারসহ সবকিছু পুড়ে গেছে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গোফরান কারও নাম উল্লেখ না করে অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার সকালে ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বিদ্যালয়টি পরিদর্শন করেন। জেলা প্রশাসক একটি একচালা ঘর করার জন্য আট বান্ডিল টিন ও ২০ হাজার টাকা বরাদ্দ দেন। পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মার্চ সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সদস্যফরম পূরণ করানো নিয়ে কিছু শিক্ষার্থী আপত্তি করে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সভা করে বিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করে। ওই ঘটনায় ৩১ মার্চ পুলিশ দশম শ্রেণীর ছাত্র ও ওই বিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলামকে এবং স্থানীয় শিবির নেতা মো. রাহীকে আটক করে পরদিন ছেড়ে দেয়। এসব ঘটনার সঙ্গে এই আগুন দেওয়ার সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।
তবে জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম শামসুদ্দিন এ ঘটনায় শিবিরের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে।