ফেনীতে এক বাড়িতে ডাকাতি, ৩২ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার উত্তর মধুপুরের এক বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ৭০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতেরা গৃহকর্তা ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে জখম করে।ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসী দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাঁরা হলেন জেলার চর হকদির আবদুল মুনাফ (৪৫) ও লক্ষ্মীপুরের উত্তর চন্দ্রপুর এলাকার বেলাল হোসেন (২৪)।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ছিদ্দিকুরের তিন ছেলে প্রবাসী। গত শুক্রবার এক ছেলের বিয়ে উপলক্ষে ছেলের বউয়েরা ছাড়াও অনেক আত্মীয় বেড়াতে আসে। গত সোমবার রাতে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড উত্তর মধুপুর এলাকায় কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ডাকাতেরা ছিদ্দিকুরের বাড়িতে ঢোকে।এ সময় গৃহকর্তা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার, তিন লাখ ২০ হাজার টাকা, ১২টি মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে।ছিদ্দিকুরকে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ ঘটনায় গৃহকর্তার ছেলে মো. ইসমাইল বাদী হয়ে গ্রেপ্তার হওয়া দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে ফেনী থানায় মামলা করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।