ফেনীতে এক রাতে ১০টি গরু চুরি
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর অলিপুর গ্রামে গত বুধবার রাতে বিভিন্ন বাড়ি থেকে ১০টি গরু দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। স্থানীয় লোকজনের দাবি, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক দাম প্রায় তিন লাখ টাকা।এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, বুধবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর অলিপুর গ্রামে একদল গরুচোর হানা দেয়। তারা একের পর এক গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আবু তাহেরের চারটি, হেঞ্জু মিয়ার দুটি, মফিজুর রহমানের দুটি, আবদুল মান্নানের একটি ও আবুল বশরের একটি গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মালিকেরা জানান, তাঁরা অন্যান্য দিনের মতো গত বুধবার রাতেও গরুগুলো গোয়ালঘরে বেঁধে রাখেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন, গোয়ালঘর ফাঁকা। আশপাশে খুঁজতে গিয়ে জানতে পারেন, আরও অনেকের গরু চুরি হয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে কিছু লাভের আশায় গৃহস্থরা গরুগুলো মোটাতাজা করছেন। স্থানীয় ধলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ১০টি গরু চুরি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার আগেও একই গ্রাম থেকে আরও ১৪টি গরু দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল আফছার জানান, কেউ লিখিত অভিযোগ করেননি।