ফেনীতে এবার নির্বাচন সমন্বয়কারী পরিবর্তন
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে ফেনীতে এবার নির্বাচন সমন্বয়কারী কর্মকর্তা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার কমিশনের এক আদেশে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আলীম আক্তার খানকে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ জুন ফেনীর জেলা প্রশাসক ও ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের কাছে সুপারিশ করে নির্বাচন কমিশন। এরপর থেকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুল বাতেন স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ে ইউপি নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জেলা সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হয়েছিল। নির্বাচন চলার একপর্যায়ে অনিবার্য কারণে ফেনী জেলা প্রশাসককে অন্যত্র বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। তার পরিবর্তে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এ নির্বাচন উপলক্ষে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলাসহ সার্বিক কার্যাদি সমন্বয়ের জন্য সমন্বয়কারী হিসেবে নিয়োগের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিচ্ছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীম আক্তার খান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সদর উপজেলার স্থগিত আটটি ইউপিতে নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।