ফেনীতে এবারও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ধারা অব্যাহত রয়েছে ফেনীতে। জেলা পরিষদ নির্বাচনেও সেখানে চেয়ারম্যান ও সদস্য পদে ২১ জন প্রার্থীর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত।
এর আগে পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ফেনীতে বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনের ভোটার।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, গতকাল রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দেন। প্রার্থিতা প্রত্যাহারের পর দেখা যায়, চেয়াম্যান, ১৫টি সাধারণ সদস্য ও পাঁচটি সংরক্ষিত নারী সদস্য পদে একজন করে প্রার্থী আছেন। এতে ২৮ ডিসেম্বর ফেনী জেলা পরিষদের আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদের বিপরীতে প্রথমে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হয়। অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে গত শনিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা আজিজুল বারি চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজ আহম্মদ চৌধুরীই এখন একক প্রার্থী। তিনি গত পাঁচ বছর জেলা পরিষদের প্রশাসক ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।
মেসবাহ উদ্দিন আরও বলেন, এবারের জেলা পরিষদ নির্বাচনে ১৫টি সাধারণ সদস্য পদে ১৯ জন ও ৫টি সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল সাধারণ সদস্য পদে ৪ এবং সংরক্ষিত নারী সদস্য পদের ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র ও ১২ জন কাউন্সিলর, ফেনী পৌরসভায় মেয়র ও ২৩ জন কাউন্সিলর, দাগনভূঞা পৌরসভায় ৯ জন কাউন্সিলর এবং সোনাগাজী ও ছাগলনাইয়া পৌরসভায় দুজন করে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া চলতি বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শতাধিক ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।