শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধর্মঘটরত শিক্ষকেরা গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদে ফেনীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষক সমিতি সূত্র জানায়, সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে ১২ জানুয়ারি থেকে অবিরাম ধর্মঘট করে আসছেন। শিক্ষকনেতারা অভিযোগ করেন, শিক্ষকদের ১৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী তাঁদের মূল দাবিসমূহ পাশ কাটিয়ে বাড়িভাড়া বাবদ ১০০ টাকার স্থলে ৫০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০ টাকার স্থলে ৩০০ টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন।শিক্ষামন্ত্রীর এ ঘোষণার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে ধর্মঘটী শিক্ষকেরা ফেনী জেলা শিক্ষক সমিতির কার্যালয়ের চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। সমাবেশে বক্তব্য দেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হক, আলী হায়দার, অধ্যক্ষ মমিনুল হক, হীরালাল চক্রবর্তী প্রমুখ। বক্তারা শিক্ষামন্ত্রীর ঘোষণাকে প্রহসন হিসেবে উল্লেখ করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।