ফেনীতে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল চৌরাস্তার মোড়ে গতকাল রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের একজন কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে মহিপাল চৌরাস্তার মোড় থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাগনভূঞার দিকে রওনা হয়। এ সময় দুর্বৃত্তরা ওই অটোরিকশা লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। এতে অটোরিকশায় থাকা পুলিশ ওই কনস্টেবল ছায়েদুল হকসহ পাঁচজন আহত হয়।
ছায়েদুল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়ার মমতাজ আলী ছেলে। তিনি রাঙ্গামাটির কাপ্তাই থানায় চাকরি করেন। ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অন্যরা হলেন শাহেদ মিয়া (২৫), তাঁর বোন কেয়া (৮) এবং আলা উদ্দিন দুলাল (৫০) ও মো. আবদুল মালেক (৫৫)। তাঁদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার বাড়ি দাগনভূঞা উপজেলায়।
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।