ফেনীতে ককটেল বিস্ফোরণে শিশু আহত
ফেনীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বিলকিস (১৩) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিলকিস গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিঝুমখা গ্রামের অধিবাসী নুরুজ্জামানের মেয়ে। তারা বর্তমানে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় বসবাস করে।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় কাগজ কুড়াতে গিয়ে বিলকিস একটি স্কসটেপ মোড়ানো প্যাকেট দেখতে পায়। সে ওই প্যাকেটটি হাতে নিয়ে তাতে কী আছে খুলে দেখার চেষ্টা করে। এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং তার হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।