ফেনীতে কলেজছাত্র খুন, আটক ১
ফেনী সদর উপজেলার কাজীরবাগ গ্রামে গত রোববার রাতে আজহারুল ইসলাম ওরফে সজীব (১৮) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় তাঁর বন্ধু মো. বাপ্পি (১৯) আহত হন।
আজহারুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তাঁর বাড়ি কাজীরবাগ গ্রামে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেহাদুল ইসলাম (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেহাদুলের বাড়িও কাজীরবাগ গ্রামে। তিনি ফেনী সরকারি কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে আজহারুল ও বাপ্পি তারাবির নামাজ পড়ার জন্য গ্রামের মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় জেহাদুল ইসলামসহ সাত-আটজন যুবক অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আজহারুল ও বাপ্পিকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আজহারুল ও বাপ্পিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১১টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় আজহারুল মারা যান। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, কয়েক দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে আজহারুল ও বাপ্পির সঙ্গে গ্রামের জেহাদুল ইসলামসহ কিছু যুবকের ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায়জেহাদুলকে প্রধান আসামি করে মামলা হয়েছে। জেহাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।