ফেনীতে কার্যালয়ের সামনেই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ফকির আহম্মদ (১৮) নামের একজন ছাত্রলীগের কর্মীকে গতকাল রোববার দুপুরে জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনেই এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন যুবক শহরের ট্রাংক রোডে ফকির আহম্মদকে একা পেয়ে ধাওয়া করে। তিনি হামলাকারীদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে জেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে চলে যান। কিন্তু তখন কার্যালয়টি বন্ধ ছিল এবং সেখানে সংগঠনের অন্য কোনো নেতা-কর্মীও ছিলেন না। এ অবস্থায় হামলাকারীরা কার্যালয়ের সামনেই তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে চলে যায়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।জানা যায়, হামলাকারী যুবকেরা শহরের মাস্টারপাড়ার ছাত্রলীগের কর্মী-সমর্থক। কয়েক দিন ধরে ফকির আহম্মদের সঙ্গে তাঁদের বিরোধ চলে চলছিল। ফেনী জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এম সাইফুদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ ঘটনাটি ছোট ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তবে এভাবে কুপিয়ে আহত করাকে কোনোভাবেই সমর্থন করা যায় না।ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ বিষয়টি অবগত আছে। বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।