ফেনীতে কিশোরী ধর্ষণের শিকার, মামলা দায়ের
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত শুক্রবার এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। একই এলাকার আকতার হোসেন ওরফে টিপু তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আকতারের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আজাহারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় পরিবারের অন্যদের অনুপস্থিতির সুযোগে আশ্রয়ণ প্রকল্প এলাকার আকতার হোসেন (২৬) তাঁদের পাশের একটি ব্যারাকে (ঘর) ঢুকে ওই কিশোরীকে (১৭) একা পেয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই ব্যারাক ঘেরাও করে রাখেন। এ সময় কৌশলে আকতার হোসেন পালিয়ে যান। পরিবারের লোকজন রাতে কিশোরীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। গতকাল শনিবার সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গতকাল শনিবার মামলা করেছেন। আকতার ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণ আকতার হোসেন পলাতক রয়েছেন।