ফেনীতে কুপিয়ে ও পুড়িয়ে গৃহপরিচারিকা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ফেনীর রামপুর পাটোয়ারী বাড়িতে গত শুক্রবার শাহেদা আক্তারকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। হত্যার ঘটনায় গৃহকর্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ফেনী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, পাটোয়ারী বাড়িতে শাহেদা আক্তার নামে এক গৃহপরিচারিকাকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনী মডেল থানা পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় একই বাড়ির নুরুল আফসার (৫৫) নামে একজনকে এবং সকালে ছাগলনাইয়া এলাকা থেকে মো. ইসমাইল হোসেন (২৬) নামে অপরজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ফেনী পৌরসভার মধুপুরে। কিন্তু সে ওই পাটোয়ারী বাড়ির সামনে ব্যবসা করতেন এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাঁকে গতকাল ফেনী বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সন্ধ্যায় গ্রেপ্তার নুরুল আফসারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।এদিকে গতকাল ফেনী সদর হাসপাতালে নিহত গৃহপরিচারিকা শাহেদা আক্তারের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করার পর লাশ লক্ষ্মীপুরে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আফসার গৃহপরিচারিকা হত্যার কারণে থানায় মামলা দায়ের এবং ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।