নোয়াখালীর চৌমুহনী, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ফেনী পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা জয়ী হয়েছেন। গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেনীতে ভোটকেন্দ্র দখলের মহোৎসব হয়েছে। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে দলে দলে ব্যালটে সিল মেরেছেন সরকারদলীয় লোকজন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়ও ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুনর্নির্বাচনের দাবিতে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন ছয় মেয়র প্রার্থী।
ফেনী: ফেনী পৌরসভার ৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঘুরে ১১টিতেই কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারতে দেখেছেন প্রথম আলোর প্রতিবেদক। সকাল আটটা ২০ মিনিটে বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, কয়েকটি বুথে চার-পাঁচজন করে যুবক ঢুকে ‘আনারস’ প্রতীকে সিল মারছেন। আনারস আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আলাউদ্দিনের প্রতীক। সকাল সাড়ে আটটায়ও বিরিঞ্চি সুফিয়া নুরীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরুই হয়নি।
ফেনী জিএ একাডেমি হাইস্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, কিছু যুবক ‘আনারস’ প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করছেন। একই চিত্র দেখা গেছে, ফেনী সরকারি পাইলট হাইস্কুল, পিটিআই, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপাল কমার্স কলেজ, ফেনী আলিয়া মাদ্রাসা, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। সব কেন্দ্রেই সাংবাদিকদের দেখে সটকে পড়েন ব্যালটে সিল মারা যুবকেরা।
বিএনপি-সমর্থিত প্রার্থী আলাল উদ্দিন অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় ২৫টি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছে দুর্বৃত্তরা। তিনি নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলা উদ্দিন ৪১ হাজার ১৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন তিন হাজার ৬৬০ ভোট।
নোয়াখালী: বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় বেলা পৌনে একটার দিকে ছয় মেয়র প্রার্থী কারচুপির অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা হারুন-উর রশিদের কাছে নির্বাচন স্থগিতের আবেদন করেন। কিছু সময় পর তাঁরা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও হরতালের ঘোষণা দেন। এরপর তাঁদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌমুহনী পূর্ববাজার গেলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছয় প্রার্থী হলেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, শেখ মো. শহিদ উদ্দিন এস্কান্দার ও মাহফুজুল হক, বিএনপি-সমর্থিত প্রার্থী জহিরউদ্দিন হারুন, বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আজিম ও আবুল কালাম আজাদ। এখানে ১৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আক্তার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী ভুট্টো পান পাঁচ হাজার ৫১২ ভোট।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শুরুর পর পরই বিভিন্ন কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরিত হতে থাকে। বেলা সোয়া ১১টায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটার পাওয়া যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আতঙ্ক ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কমে গেছে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-উর রশিদ বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে কেন্দ্রের ভেতর কোনো সহিংসতার তথ্য পাওয়া যায়নি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় সাত হাজার ২৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন চার হাজার ৭৫০ ভোট।
তিন পৌরসভার মেয়র দশম সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের ফেনী ও চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক ও নোয়াখালী অফিস