ফেনীতে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মজলিশপুর গ্রামের এক বাড়ির একটি পরিবারের লোকজনকে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খাইয়ে অচেতন করে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ চারজনকে অচেতন অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, গত রোববার রাতে গ্রামের আমান উদ্দিন হাজিবাড়ির ব্যবসায়ী রুহুল আমিনের ঘরে রাতের খাবারের মধ্যে কেউ নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে যায়। এরপর দুর্বৃত্তরা ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।রুহুল আমিনের ভাই মো. মোস্তফা বলেন, তাঁর ভাই রুহুল আমিন প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যান। কিন্তু গতকাল সোমবার ফজরের নামাজের সময় তাঁকে মসজিদে দেখা যায়নি। পরে সকাল আটটার দিকে তাঁর ঘরে ঢুকে পরিবারের সবাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়।নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে অসুস্থ রুহুল আমিন (৬৫), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৫৫), ছেলে শহীদ (২২) ও কাজের মেয়েকে (১৩) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফেনী মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, তিনি ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে শুনেছেন।