ফেনীতে খালেদার জনসভাস্থলে টিনের চাল ভেঙে আহত ২৫
ফেনীতে গতকাল রোববার বিকেলে খালেদা জিয়ার জনসভাস্থলে ফেনী পাইলট প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো টিনের ঘরের চাল ভেঙে নিচে পড়ে শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বিকেল চারটায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ উপলক্ষে খালেদা জিয়ার পূর্বনির্ধারিত জনসভা ছিল। দলীয় হাজার হাজার কর্মী-সমর্থক খালেদা জিয়ার ভাষণ শুনতে সমবেত হয়। কিন্তু মাঠে স্থান না পেয়ে অনেকেই আশপাশের ভবনের ছাদে বা টিনের চালে উঠতে থাকে। এ সময় মঞ্চ থেকে পুরোনো ভবন বা পুরোনো টিনের চালে না ওঠার জন্য বারবার ঘোষণা দেওয়া হয়। নিষেধ সত্ত্বেও বহু লোক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে একটি পুরোনো টিনের ঘরের চালে উঠে পড়ে। একপর্যায়ে ঘরের চাল ভেঙে পড়ে। এতে শিশুসহ ২৫ জন আহত হয়।ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, আহতদের মধ্যে ১৬ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।