ফেনীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামে গত বুধবার গভীর রাতে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন। বাড়ি উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ জখম হয়েছেন দুজন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে পশ্চিম চর দরবেশ গ্রামের সিরাজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ২০-২৫ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেড়া কেটে ঘরে ঢোকে। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে গৃহকর্তা সিরাজুল হক (৫০) ও তাঁর ছেলে হোসেনকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পাঁচ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাত জসিমকে (২৮) ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত সিরাজুল ও হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিরাজুলকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। নিহত জসিমের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।