ফেনীতে গণিত উৎসবের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত উৎসবের ফেনী অঞ্চলের (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) নিবন্ধন শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে গণিত উৎসবের সার্বিক পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো।
উৎসবে অংশ নিতে ইচ্ছুক ফেনী জেলার শিক্ষার্থীরা প্রথম আলোর ফেনী কার্যালয়ে (০৩৩১-৬৩২৫৫, ০১৬৮৭-৭৬৬৩৪৮, ০১৬৭৯-৪১৩৯৫৯), নোয়াখালী জেলার শিক্ষার্থীরা নোয়াখালী কার্যালয়ে (০১৭১২-২৪০২৯৭) ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা ০১৭১১-১৮১৩৯৪ নম্বরে যোগাযোগের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। ফেনী অঞ্চলের গণিত উৎসব ২০ ডিসেম্বর।
প্রতিবারের মতো এবারও চারটি ক্যাটাগরিতে (ক) প্রাথমিক (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), (খ) জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), (গ) মাধ্যমিক (নবম ও দশম শ্রেণি), (ঘ) উচ্চমাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা উৎসবে অংশ নেবে।
ফেনী অঞ্চলের উৎসবে বিজয়ীরা আগামী ১০-১১ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। আর জাতীয় উৎসবে নির্বাচিত শিক্ষার্থীরা ব্রাজিলে অনুষ্ঠেয় ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।