ফেনীতে গত দুই দিনে ৫৮ জওয়ানের দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল সোমবার বিশেষ আদালতে আরও পাঁচজন জওয়ান দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এ নিয়ে গত দুই দিনে ৬২ জন বিডিআর সদস্যের মধ্যে ৫৮ জন দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মামলার বিচারকাজ আগামী ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।গতকাল সোমবার বিকেলে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মুলতবি ঘোষণা করেন। ৬২ জনের মধ্যে যে চারজন বিডিআর জওয়ান নিজেদের নির্দোষ দাবি করেছেন তাঁরা হলেন, হাবিলদার মো. রুহুল আমিন, সেপাই মো. মহিউদ্দিন রনি, সেপাই বশির আহমেদ ও সেপাই মিজানুর রহমান।বিডিআর সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। তার আগে ৬২ জন আসামিকে আদালতে হাজির করা হয়। যারা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তাঁদের আদালতে আলাদাভাবে বসানোর ব্যবস্থা করা হয়।বিদ্রোহের ঘটনায় ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের তত্কালীন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর একরামুল কবির হাওলাদার ও মেজর মাসুদসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্য গতকাল গ্রহণ করা হয়। এ সময় মামলার আসামিরা সাক্ষীদের বিভিন্ন ধরনের প্রশ্ন ও জেরা করেন। গত দুই দিনে মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।জয়পুরহাটে জওয়ানদের আদালতে হাজিরাআমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট তিন রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় ২০ জন বিডিআর সদস্যকে গতকাল ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করলে আদালত ২৮ এপ্রিল মামলাটির পরবর্তী তারিখ ধার্য করেন। জানা যায়, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আনছার আলীর আদালতে ওই ২০ জন বিডিআর সদস্যকে হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে অসুস্থ বিডিআর সদস্য আখতারুজ্জামান আদালতকে বলেন, তিনি ক্যানসার রোগী। জামিন প্রার্থনা করে তিনি কান্নায় ভেঙে পড়েন। অপর বিডিআর সদস্য আব্দুল মান্নান আদালতের অনুমতি নিয়ে বলেন, তাঁরা দীর্ঘদিন থেকে জেলহাজতে আছেন। বিচার হচ্ছে না। তাঁদের জামিন দেওয়া হোক। বিডিআর আইনে বিচার হলে তাঁদের বিডিআর ব্যারাকে ফিরিয়ে নেওয়া হোক। আখতারুজ্জামানের আইনজীবী শফিউল ইসলাম চৌধুরী জানান, অসুস্থ বিডিআর সদস্য আখতারুজ্জামান আদালতের অনুমতি নিয়ে তাঁর অসুস্থতার কথাটি আদালতকে বলেছেন।