ফেনীতে গলা টিপে মাদ্রাসা শিক্ষককে হত্যা
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকায় গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় আবদুর রহমান (৬০) নামের একজন নিহত হয়েছেন। তিনি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বেলা দুইটার দিকে আবদুর রহমানের বাড়ির পাশে নূরুল ইসলাম নামে তাঁর এক প্রতিবেশী শিমগাছ লাগাচ্ছিলেন। এ সময় আবদুর রহমান তাঁর জমিতে গাছ লাগানোর বিষয়ে নূরুলের কাছে জানতে চান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে নূরুল ইসলাম তাঁর গলা টিপে ধরেন। এতে আবদুর রহমান অচেতন হয়ে পড়েন। দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, আবদুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আবদুর রহামানের ছেলে মো. হাসান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।