ফেনীতে গুলিতে মাইক্রোবাস চালক নিহত
ফেনীর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার ভোররাতে গুলিবিদ্ধ হয়ে মো. বাবু (৩০) নামের এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। বিডিআরের ভাষ্য, বাবু চোরাচালানি দলের সদস্য। তাঁর বাড়ি বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে।বিডিআরের ভাষ্যমতে, ভোররাত তিনটার দিকে ফেনীর একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশায় করে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড় এলাকায় পৌঁছামাত্র একটি মাইক্রোবাস তাদের চাপা দেওয়ার চেষ্টা করে। এতে অটোরিকশায় থাকা দুজন বিডিআর সদস্য ছিটকে পড়েন। পালানোর সময় মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় চোরাচালানিদের মধ্যে হইচই এবং গুলির শব্দ শোনা যায়। বিপদের আশঙ্কা মনে করে বিডিআর জওয়ানরা আত্মরক্ষার জন্য একটি গুলি ছোড়েন। এ সময় ঘটনাস্থলের পাশে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি প্রাইভেট কারে অন্য চোরাচালানিরা পালিয়ে যায়। বিডিআর সদস্যরা মাইক্রোবাসটি পরীক্ষা করার সময় রাস্তার ওপর মাইক্রোবাসের চালককে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত আবুর পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তাঁর নাম-ঠিকানা জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিডিআর সূত্র জানায়, মাইক্রোবাসে ১২০টি ভারতীয় শাড়ি পাওয়া গেছে। কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় শাড়ি নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাবুর মৃতদেহ এবং কাপড়সহ মাইক্রোবাসটি ফেনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ফেনী সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।