ফেনীতে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে গত সোমবার পুলিশ, ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক মফিজুর রহমান (৪০) আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মফিজুর রহমান দাগনভূঞার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল আজিজের ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ফেনী-৩ আসনে (সোনাগাজী-দাগনভূঞা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশারের মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২ ডিসেম্বর সিলোনিয়া পেট্রলপাম্পের সামনে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সঙ্গে শিবিরের কর্মীদের প্রথম দফা সংঘর্ষ হয়। এতে যুবলীগের এক কর্মী আহত হন। পরে ফেনী সদরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে দাগনভূঞায় ফেরার সময় সিলোনিয়া বাজারে শিবিরের কর্মীরা আবার ওই বহরে হামলা চালান। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিবিরের কর্মীদের দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয় ও রাবার বুলেট ছোড়ে। শিবিরও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের এ গুলিবিনিময়ের ঘটনায় রিকশাচালক মফিজুর রহমানসহ ২০ জন আহত হন। গুলিবিদ্ধ মফিজুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ তিরি মারা যান।