ফেনীতে গৃহপরিচারিকা শিশুর লাশ উদ্ধার
ফেনী পৌর সদরের শিবলু সড়কের একটি বাসা থেকে সুমি (১২) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।সুমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সিলিপুর গ্রামের ধন মিয়ার মেয়ে।পুলিশ জানায়, শিবলু সড়কের ফাতেমা নূর ম্যানশনের মালিক নূর আহম্মদ মঙ্গলবার রাতে তাঁর ভাড়াটিয়ার বাসায় গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানান। আনুমানিক রাত একটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।গৃহকর্ত্রী বদরুজ জাহানের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রবাসী লুৎফুর রহমানের স্ত্রী বদরুজ জাহান রাত আটটায় বাড়ি থেকে বের হয়ে নিচতলায় বোনের বাসায় গিয়েছিলেন। এ সময় সুমি একাই বাসায় ছিল। রাত নয়টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে একটি মোড়া দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। ভেতরে ঢুকে তিনি সুমিকে বসার ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। তিনি ওড়না কেটে নিচে নামিয়ে সুমিকে মৃত দেখতে পান। মৃত্যুর খবরটি তিনি বাড়ির মালিককে জানান।শিশুটি আত্মহত্যা করেছে বলে ওই গৃহকর্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, শিশুটিকে প্রায়ই মারধর করা হতো।ফেনী মডেল থানার এসআই নাসির উদ্দিন জানান, বাসায় গিয়ে লাশটি ঘরের মেঝেতে পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।