ফেনীতে গৃহপরিচারিকাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দুর্বৃত্তরা গৃহপরিচারিকাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ফেনী পৌরসভার রামপুর এলাকায় পাটোয়ারীবাড়ির মৃত আবদুর রশিদ পাটোয়ারীর ঘরে এ ঘটনা ঘটে।নিহত গৃহপরিচারিকা শাহেদা আক্তার (৩০) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের এয়ার রহমানের মেয়ে। স্বামী পরিত্যক্ত শাহেদা ১২-১৩ বছর ধরে আবদুর রশিদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছিলেন।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল আফসার জানান, ঘটনার সময় ওই বাড়িতে কোনো লোক ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে গৃহপরিচারিকা শাহেদাকে কোপানোর পাশাপাশি শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ আইনের আওতায় আনা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রামপুর পাটোয়ারীবাড়িতে থাকেন ফেনী পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল। তিনি জানান, গতকাল দুপুরে জুমার নামাজের সময় ওই বাড়িতে আগুন দেখে কিছু মুসল্লি মসজিদ থেকে বাড়িতে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।পুলিশ জানায়, নিহত শাহেদা আক্তারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া আরও কিছু আলামত দেখা গেছে, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাঁর ওপর পাশবিক নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। জানা যায়, ওই বাড়ির মালিক মৃত আবদুর রশিদের স্ত্রী শেফালী বেগম তিন দিন আগে তাঁর ছোট ছেলে শরিফকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। শরিফ (১৯) ফেনী কলেজের ছাত্র বলে জানা যায়। বড় ছেলে জামিল পড়ালেখা শেষে জার্মানিতে থাকেন এবং মেজো ছেলে শান্ত ঢাকায় পড়ালেখা করেন। তাঁদের ঘরে অন্য কেউ ছিল না। ফেনীর সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার জানান, গৃহপরিচারিকা শাহেদাকে কুপিয়ে ও আগুন দিয়ে হত্যার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী শেফালী বেগম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।