ফেনীতে গৃহবধূকে হত্যার অভিযোগ
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ (বারআনি) গ্রামে হোসনে আরা বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা চারজনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, এলাহীগঞ্জ গ্রামের প্রবাসী মোতালেব হোসেনের সঙ্গে পাশের শর্শদি ইউনিয়নের আবদুল মুনাফের মেয়ে হোসনে আরা বেগমের প্রায় সাত বছর আগে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হোসনে আরার স্বামী বিদেশে থাকার সুযোগে শাশুড়ি, ননদ ও ননদের স্বামী নানা অজুহাতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে সালিস বৈঠক বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সালিসে শাশুড়ি ও ননদকে ওই গৃহবধূর সঙ্গে মিলেমিশে চলার পরামর্শ দিয়ে সালিসকারীরা চলে যান।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সালিস ডেকে ‘অপমান’ করায় শাশুড়ি, ননদ ও ননদের স্বামী হোসনে আরার ওপর ক্ষিপ্ত হন। রোববার বিকেলে তাঁরা তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।
ফেনী মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আবদুল মুনাফ বাদী হয়ে শাশুড়ি, ননদসহ চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় কালো দাগ দেখা গেছে। পুলিশও প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।