ফেনীতে চার ডাকাত গ্রেপ্তার
ফেনীর গোবিন্দপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে একদল ডাকাত একটি বাড়ির পাশে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ঘেরাও করে। আট থেকে ১০ জন ডাকাত পালাতে পারলেও এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক ডাকাতেরা হলেন: গোবিন্দুপর গ্রামের আবুল কাশেমের ছেলে সুজন (২২), ফরিদুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম পিয়াস (২৫), ফেনী শহরের কদলগাজী সড়কের হেলু মিয়ার ছেলে মেহেদী হাসান (২২) ও ফেনী পৌর এলাকার বিরিঞ্চি গ্রামের আবদুস ছাত্তারের ছেলে মিজানুর রহমান জুয়েল (২৪)। তাঁদের কাছ থেকে গ্রিল কাটার যন্ত্র ও একটি ধামা উদ্ধার করা হয়েছে।রাতেই তাঁদের ফেনী থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। ফেনী থানার উপপরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, আটক চার ডাকাতের বিরুদ্ধে ফেনী থানায় মামলা হয়েছে এবং তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।