ফেনীতে চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল—এই চার দেশের একটি মৈত্রী মোটর শোভাযাত্রা আজ শনিবার বেলা একটার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করেছে।
বাংলাদেশের পক্ষে ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) শোভাযাত্রাকে স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, ফেনীর ৪ নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আকদুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) দেবাশীষ বসু, পুলিশ সুপার (এসপি) বি আর চক্রবর্তী, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ১৬৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এ কে মিশ্র উপস্থিত ছিলেন।
চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক মো. কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, এ শোভাযাত্রার মধ্য দিয়ে এ চার দেশের মানুষের বিচরণ ক্ষেত্র অনেক সম্প্রসারিত হবে। সড়ক যোগাযোগের পাশাপাশি এসব দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়বে।
দক্ষিণ ত্রিপুরার ডিএম দেবাশীষ বসু বলেন, চার দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার হবে। সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগও বাড়বে। ভারতের রেলপথ ব্রডগেজ আর বাংলাদেশের রেলপথ মিটারগেজ। চলতি বছর বাংলাদেশের আখাউড়ার সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে। তাই ফেনী-বিলোনিয়া রেলপথও ব্রডগেজ করা দরকার। আগামী বছর ত্রিপুরার বিলোনিয়াতে রেল স্টেশন নির্মাণ করা হবে। এতে দুই দেশের ব্যবসা আরও সম্প্রসারিত হবে।
৮০ জনের এ প্রতিনিধি দলটির আজ বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে। আগামী ১ ডিসেম্বর শোভাযাত্রাটি যশোরের বেনাপোল হয়ে ভারত চলে যাবে। গত ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শোভাযাত্রা শুরু হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভারতের ভুবনেশ্বরের এমএলএ প্রবীণ ভজদেয়, দলের সমন্বয়ক ছিলেন রমেশ মহাপত্র।