ফেনীতে চার প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণ ও কৃষিজমি নষ্ট করায় ফেনীর চারটি প্রতিষ্ঠানকে নয় লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ আইন লঙ্ঘন করে কারখানা স্থাপন, দূষিত তরলবর্জ্য কৃষিজমিতে ফেলায় গতকাল রোববার এই জরিমানা করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরে স্থাপিত শতরূপা পেপার মিল ও শুকতারা পেপার মিল এবং ফেনী সদর উপজেলার মদনা ব্রিকস ও ফুলগাজী উপজেলার কালীরহাট ব্রিকস।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানের কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। দুই থেকে ১০ বছর ধরে প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে পরিবেশ ও কৃষিজমি দূষণ করছিল। এসব প্রতিষ্ঠানকে এর আগে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ ও ফেনী জেলা কার্যালয় থেকে পরিবেশ ছাড়পত্র গ্রহণ ও দূষণ বন্ধের জন্য কয়েক দফা নোটিশ দেওয়া হলেও কারখানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সর্বশেষ স্থানীয় জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের (এনফোর্সমেন্ট) পরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী গতকাল ওই চারটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ঢাকায় ডেকে জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি অবৈধ উৎপাদন ও দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কাগজের কারখানা দুটিকে পূর্ণাঙ্গভাবে ইটিপি স্থাপন ও পরিচালনা এবং ইটভাটা দুটিকে আধুনিক পদ্ধতির ইটভাটায় রূপান্তর করে পরিবেশ সম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় এই প্রথম ফেনী জেলায় শিল্পবাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো।