ফেনীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে এ জরিমানার ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদের, উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন নির্বাচনী কর্মকাণ্ড পরিদর্শনে লেমুয়া বাজার ও আশপাশের এলাকায় যান। এ সময় তাঁরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন দোকানে এবং দেয়ালে পোস্টার সাঁটানো দেখতে পান। এ ছাড়া একজন প্রার্থীর পক্ষে একাধিক মাইকে প্রচারণা চালাতেও দেখেন তাঁরা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেলুল কাদের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশারফ উদ্দিন নাছিমকে ছয় হাজার টাকা, বিএনপির প্রার্থী মো. ফেরদৌস কোরেশীকে ছয় হাজার টাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে চার হাজার টাকা এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফজলুল করিমকে তিন হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেলুল কাদের তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং একজন সদস্য পদপ্রার্থীকে ১৯ হাজার টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।