ফেনীতে চালককে হত্যা করে মাইক্রো ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী থেকে কুমিল্লা যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে যাত্রীবেশী দুর্বৃত্তরা। পথে কুমিল্লার সুয়াগাজী এলাকায় চালককে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যায় তারা। ঢাকার গোয়েন্দা পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার এবং তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।মাইক্রোবাসের চালক আবুল কালামের (৫০) বাড়ি ফেনী পৌরসভার বারাহিপুর। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ওমর ফারুক (২১), মো. মেহেদী হাসান (১৮) ও মো. কবির হোসেন (১৮)। তাঁদের সবার বাড়ি কুমিল্লা। তাঁরা মাইক্রোবাসের চালককে হত্যা ও মাইক্রোবাস ছিনতাইয়ের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।পুলিশ ও মাইক্রোবাসের মালিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ফেনী শহরের স্টার লাইন কাউন্টারের সামনে থেকে কুমিল্লা যাওয়ার কথা বলে চার-পাঁচজন যুবক একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৮৪৯) ভাড়া করেন। পথিমধ্যে কুমিল্লার সুয়াগাজী এলাকায় দুর্বৃত্তরা মাইক্রোবাসের চালক আবুল কালামকে গামছা পেঁচিয়ে হত্যার পর তাঁর লাশ কুমিল্লার সড়কের পাশে ফেলে দিয়ে গাড়ি নিয়ে ঢাকা চলে যান। এদিকে গাড়ি এবং চালকের খোঁজ না পেয়ে গত বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপরদিকে বৃহস্পতিবার ডিএমপির এডিসি (ডিবি) মশিউর রহমান ঢাকায় মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে জানতে পারেন, দুর্বৃত্তরা চালককে কুমিল্লা এলাকায় হত্যা করে লাশটি সুয়াগাজী এলাকায় ফেলে দেন। তিনি বিষয়টি ফেনী মডেল থানা ও কুমিল্লা কোতোয়ালি থানাকে অবহিত করেন।কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ সুয়াগাজীর জগন্নাথপুর এলাকা থেকে চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার সকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।