ফেনীতে চালকের লাশসহ ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার
ফেনীতে আজ বৃহস্পতিবার সকালে এনামুল হক স্বপন (২৮) নামের এক চালকের লাশসহ ছিনতাই হওয়া ভাড়ায় চালিত একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
নিহত এনামুল হক স্বপন ফেনী সদর উপজেলার ফতেহপুর গ্রামের জনাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজধানী ঢাকার বিমানবন্দর থেকে যাত্রী আনার কথা বলে তিন যুবক ফেনী থেকে একটি গাড়ি ভাড়া করে। রাত প্রায় একটার দিকে ওই তিনজন সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রাম থেকে ওই ভাড়া করা গাড়িতে ওঠেন ও পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর স্টারলাইন ফিলিং স্টেশন থেকে গ্যাস নেন। এ সময় ওই তিন যুবক ও চালক কারও কাছেই টাকা না থাকায় চালকের একটি মুঠোফোন ফিলিং স্টেশনে বন্ধক রাখা হয়।
এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া বিবরণের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবকেরা নিজেরা গাড়িটি চালিয়ে দাগনভূঞা উপজেলার নুরুল্লাহপুর এলাকার ফেনী-নোয়াখালী সড়কে ছিনতাই শুরু করেন। পরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে চালকের লাশসহ গাড়িটি নুরুল্লাহপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। ধারণা করা হচ্ছে, ফিলিং স্টেশন থেকে বের হয়েই ওই যুবকেরা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে।
আজ সকালে স্থানীয় লোকজন গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশসহ গাড়িটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, আজ সকালে গাড়িটির মালিক তাঁর গাড়ির অবস্থান জানার জন্য চালকের ব্যক্তিগত মুঠোফোনে ফোন করেন। তখন স্টারলাইন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, মুঠোফোনটি তাঁদের কাছে বন্ধক রাখা হয়েছে। পুলিশ পরে ওই মুঠোফোনটিও উদ্ধার করে।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ। তিনি জানান, এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা হয়েছে।