ফেনীতে ছয় হাজার টন সার খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গুদামে জায়গা না থাকায় বিদেশ থেকে আমদানি করা ছয় হাজার মেট্রিক টন সার গত তিন মাস খোলা আকাশের নিচে রাখা হয়েছে।

এ ছাড়া ফেনীর চারটি গুদামে ঠাসাঠাসি করে রাখা হয়েছে ১০ হাজার ৫০০ মেট্রিক টন সার। যা গুদামের ধারণক্ষমতার প্রায় তিন গুণ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক (সার ব্যবস্থাপনা বিভাগ) সাইফুল ইসলাম জানান, বিদেশ থেকে আমদানি করা টিএসপি, এমওপি ও ডিএপি তিন ধরনের প্রায় আট কোটি টাকার সার ফেনীর মহিপালে বিএডিসি সারগুদাম ও সংলগ্ন এলাকায় মজুত রাখা হয়েছে। এসব সার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

বিএডিসির সার ব্যবস্থাপনা বিভাগের ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, গত মে মাস থেকে সারগুলো এভাবে রাখা হয়েছে। তিনি বলেন, প্রথমে উঁচু করে মাটি ভরাট করা হয়। পরে বালু দিয়ে ভিটি তৈরি করে তার ওপর পলিথিন বিছিয়ে চার পাশে টিনের বেড়া দিয়ে সারগুলো রাখা হয়েছে। সারগুলো ত্রিপল দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছে, যাতে ঝড়-বৃষ্টিতে সহজে ক্ষতি না হয়।

বিএডিসির সার ব্যবস্থাপনা বিভাগের বৃহত্তর নোয়াখালী অঞ্চলের যুগ্ম পরিচালক কল্পতরু সাহা বলেন, নিজস্ব গুদামগুলো ঠিক থাকলে সার বাইরে রাখার প্রয়োজন হতো না। তিনি বলেন, পুরোদমে আমন ও বোরো চাষাবাদ শুরু হলে অল্প কিছুদিনের মধ্যেই সারগুলো ডিলারের মাধ্যমে চলে যাবে।