ফেনীতে ছাত্রদল নেতাকে পিটিয়ে আহত
ফেনীতে গতকাল শুক্রবার বিকেলে সজিবুল ইসলাম পাটোয়ারী (২৬) নামের ছাত্রদলের এক নেতাকে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রদল এ ঘটনার জন্য স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেছে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিবুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ফাজিলপুর ইউনিয়নের বটতলা বাজারে দলের অন্য এক কর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় বাবুল মিয়া ও দুলালের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী তাঁর ওপর হামলা করে এবং তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ হামলার ঘটনার প্রতিবাদে বিকেলে ফেনী শহরে ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নঈম উল্ল্যাহ চৌধুরী অভিযোগ করেন, ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় সরকারি দলের সন্ত্রাসীরা কয়েক দিন থেকে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ইতিমধ্যে বেশ কয়েকজন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। গত বৃহস্পতিবারও তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।