ফেনীতে ছাত্রদলের ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ৭
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়।পুলিশ ও দলীয় সূত্র জানায়, ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে গতকাল রাস্তার খিল গ্রামের জামে মসজিদ চত্বরে ইফতার পার্টির আয়োজন করা হয়। একই স্থানে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফের নেতৃত্বে আরেক পক্ষ ইফতারের আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়।ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মেজবাহ উদ্দিন অভিযোগ করেন, ‘আমরা মসজিদ চত্বরে ইফতারের আয়োজন করি। বিকেল সাড়ে চারটার দিকে আরিফের নেতৃত্বে কিছু যুবক এসে আমাদের মঞ্চ ভেঙে সব খাবার ফেলে দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।’জানা গেছে, সংঘর্ষে আহত নূর উদ্দিন (২৩), মো. তাজ উদ্দিন (২৭) ও আরিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।আরিফের বড় ভাই আলমগীর অভিযোগ করেন, আরিফকে ইফতারে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেখানে পৌঁছালে মেজবাহের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান।খবর পেয়ে ফেনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর হাসপাতালে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ছাত্রদলের কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ করেনি।