ফেনীতে ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম
ফেনীতে যুবলীগের কর্মীরা পূর্ববিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাত আটটার দিকে ফেনী শহরের মডেল হাইস্কুলের সামনে থেকে যুবলীগের দুই কর্মীর নেতৃত্বে একদল লোক গোলাম কায়সার কায়েশ (২৪) নামের ছাত্রদলের ওই নেতাকে ধরে পূর্ব উকিলপাড়ায় নিয়ে যায়। সেখানে যুবলীগের কর্মীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। খবর পেয়ে ফেনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম কায়সারকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।গোলাম কায়সার ফেনী পৌরসভার রামপুর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল বলেন, ওই ঘটনার সঙ্গে যুবলীগের কোনো কর্মী জড়িত নন। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ খান চৌধুরী জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।