ফেনীতে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরিত হয়। আতঙ্কে উপজেলা সদরের দোকানপাট বন্ধ হয়ে যায়।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বেলা একটার দিকে দাগনভূঁঞা ইকবাল মেমোরিয়াল কলেজ গেটে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে হাতাহাতি শুরু হয়। এ সময় অন্য শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু কিছুক্ষণ পর ফেনী-নোয়াখালী সড়কে পৌঁছে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জগতপুর ও ফাজিলের ঘাট রোড এবং সওদাগর বাড়ি-সাতবাড়ীর আঞ্চলিকতার প্রশ্ন ওঠে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ। উভয় পক্ষ বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কে উপজেলা সদরের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দাগনভূঁঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। তাঁদের মধ্যে নাজমুল হুদা শাকিল, দাগনভূঁঞা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন, রাসেল, জাকির হোসেন, হিরন, সাইফুল ইসলাম, সাজু, বুলবুল, জুয়েল, মহিমের নাম জানা গেছে। তাঁদের মধ্যে নাজমুল হুদা শাকিলকে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।দাগনভূঁঞা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নূরুল আফসার যুবলীগ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি। উপজেলা সদরে পুলিশ টহল অব্যাহত রয়েছে।