ফেনীতে ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে কুপিয়ে জখম
ফেনীর ফুলগাজীতে আনিসুল ইসলাম ও মো. আরিফ নামের ছাত্রলীগের দুই নেতাকে এবং ফেনী সদরে আবুল কালাম নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
ছাত্রলীগের আহত দুই নেতাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম ও সদস্য মো. আরিফ তাঁদের মোটরসাইকেলের তেলের জন্য স্থানীয় পেট্রলপাম্পের উদ্দেশে বের হন। পথে বিজয়পুরে দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিতে হামলা করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে উপজেলা সদর থেকে নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুর রহমান এ ঘটনার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি।
অপরদিকে গতকাল সন্ধ্যায় জেলা শহরের নতুন রেজিস্ট্রি অফিসের সামনে ট্রাংক রোডে ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালামকে দুর্বৃত্তরা একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আবুল কালাম তাঁর ওপর হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দায়ী করেছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, তিনি নতুন রেজিস্ট্রি অফিসের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।