ফেনীতে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ব্যবসায়ীর ছিনতাই হওয়া অস্ত্র দুই দিনেও উদ্ধার হয়নি। গ্রেপ্তার করা তিন ডাকাতকে কারাগারে পাঠানো হয়েছে।
ডাকাতির ঘটনায় আহত ব্যবসায়ী গোলাম আজমের ছোট ভাই আসিফ রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনী-নোয়াখালী সড়কের ফেনীর কাশিমপুর এলাকায় সড়ক অবরোধ করে একদল সশস্ত্র ডাকাত। তারা গোলাম আজম নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সড়কের পাশে ফেলে রেখে তাঁর একটি পিস্তল ও একটি শটগান এবং জিপগাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই ছিনতাই করা জিপগাড়ি দিয়ে ফেনীর লালপুলে ছিনতাই করে এবং সোনাগাজী সড়কের চিন্তারপুল নামক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে এবং ডাকাতদের ধাওয়া করে। পরে গ্রামবাসীসহ ধাওয়া করে এক ডাকাতকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর ছোট ভাই আসিফ রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। আহত ব্যবসায়ী গোলাম আজমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে গ্রেপ্তার হওয়া তিন ডাকাতের মধ্যে ইলিয়াছ (২৩) ও মামুন (২৪) ফেনীর বিচারিক আদালতে ডাকাতির ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার হওয়া ডাকাত মো. মোস্তফাকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মোস্তফার রিমান্ড বিষয়ে পরে শুনানি অনুষ্ঠিত হবে।