ফেনীতে ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার, গ্রেপ্তার ৩
ফেনীতে চালককে হত্যা করে ছিনতাই হওয়া মাইক্রোবাসটি গতকাল সোমবার হবিগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানগঞ্জ লেভেল ক্রসিয়ের পাশে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনী থানায় হত্যা মামলা করা হয়। পরে পুলিশ জানতে পারে, নিহত যুবকের নাম মো. ইসমাইল। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজলনগর গ্রামে। তিনি ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। গত ৮ জানুয়ারি সন্ধ্যায় সেলিম নামের এক দালালের মাধ্যমে তাঁর মাইক্রোবাস ভাড়া হয়।গত বৃহস্পতিবার রাতে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে রুবেল (১৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ইসমাইলকে হত্যার কথা স্বীকার করেন রুবেল। পরে রুবেলের দেওয়া তথ্যের সূত্র ধরে গতকাল হবিগঞ্জের ঘোষাইরহাট থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ।