ফেনীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, দুই দিন পর মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলায় গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ছেলেধরা সন্দেহে গত বুধবার সকালে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় তাঁকে গণপিটুনি দেওয়া হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাপুর বাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তিনি এলাকায় শিশুদের কাছে ডেকে কথা বলতে চান। বিষয়টি এলাকার কিছু লোকের নজরে আসে। তারা ওই ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে আটক করে গণপিটুনি দিয়ে ফেলে যায়। বুধবার থেকে দুই দিন ওই ব্যক্তি আহত অবস্থায় বিনা চিকিৎসায় সেখানে পড়ে ছিলেন। গতকাল দুপুরে এলাকার কিছু লোক তাঁকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থান ও মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল বলে জানা গেছে। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।এদিকে গত বুধবার রাত নয়টার দিকে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ছেলেধরা সন্দেহে আরেক ব্যক্তিকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। পরে ফেনী থানার পুলিশ তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।কিছু দিন ধরে ফেনীতে ছেলেধরার গুজবে এলাকাবাসী আতঙ্কে আছে। গ্রাম এলাকায় অনেক ছাত্রছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।