ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় আদর্শ কার্যক্রম ‘ছনুয়া মডেল’ বাস্তবায়ন করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয়জনকে সম্মাননা পদক দেওয়া হয়েছে।
গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা ফেনীর সাবেক জেলা প্রশাসক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, লেমুয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রবীন্দ্র নাথ দত্ত ও ছনুয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মীর আজম হোসেনের হাতে জনপ্রশাসন পদক-২০১৬ ও সনদ তুলে দেন।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর।
ছনুয়া ইউনিয়নে ২০১৩ সালের এপ্রিলে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং প্রসব ও প্রসবোত্তর সেবা বিষয়ে কার্যক্রম পরিচালনা শুরু হয়। জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে এই কার্যক্রম চলছে। কোনো ধরনের সরকারি বরাদ্দ ছাড়াই এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা কাজ করছেন। এই কার্যক্রম ‘ছনুয়া মডেল’ হিসেবে পরিচিত।