ফেনীতে জমে উঠেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা জমে উঠেছে। গতকাল শনিবার মেলায় ভিড় জমান শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
মেলায় গিয়ে দেখা যায়, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের স্টলে শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব উদ্ভাবন প্রদর্শন করছেন। ইনস্টিটিউটের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম তাঁদের উদ্ভাবিত মিনি কম্পিউটার দেখিয়ে বলেন, মাত্র ছয় হাজার টাকায় এই কম্পিউটার তৈরি করা যাবে। এতে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
গত শুক্রবার বিকেলে শহরের জেল রোডের পিটিআই মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এই মেলা শুরু হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
মেলার দ্বিতীয় দিনে গতকাল ভিশন-২০২১ রূপকল্প বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের সেবা এখন খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু এসব সেবার কথা সাধারণ মানুষ এখনো জানে না। তাদের এসব তথ্যপ্রযুক্তির সেবা সম্পর্কে জানাতে না পারলে ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়ন কষ্টসাধ্য হয়ে উঠবে।