ফেনীতে জমে উঠেছে পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। গত কয়েক দিন হাটগুলোতে প্রচুর পশু উঠলেও বেচাকেনা হয়েছে সামান্য। অনেকটা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দরদামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গতকাল শনিবার থেকে হাটগুলোতে প্রচুর পশু বিক্রি হচ্ছে।
গতকাল কয়েকটি হাট ঘুরে দেখা যায়, অন্য বছরের তুলনায় বাজারে দেশি গরুর পরিমাণ বেশি। ক্রেতাদেরও নজর দেশি গরুর দিকে। এদিকে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি দেখা গেছে।
সোনাগাজীর বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় মাঠে বসানো পশুর হাটে গিয়ে দেখা যায়, প্রচুর পশু বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পশুর দাম আগের চেয়ে কমেছে।
হাট থেকে ৫২ হাজার টাকায় একটি দেশি গরু কিনেছেন আবু আহম্মদ নামের এক ব্যক্তি। তিনি বলেন, এর আগের বাজারে একই আকৃতির একটি গরুর দাম ৬০ হাজার টাকা বলার পরও মালিক বিক্রি করতে রাজি হননি।
সাহাবউদ্দিন নামের একজন মৌসুমি পশু ব্যবসায়ী বলেন, তিনি বিক্রির জন্য বগুড়া থেকে ২০টি গরু কিনে এনেছেন। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে গরু আসার খবরে পশুর দাম কমতে শুরু করেছে।
জেলায় এ বছর ১২৯টি কোরবানির পশুর হাট বসছে।