ফেনীতে জমে উঠেছে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জমে উঠেছে বৃক্ষমেলা। মেলার বিভিন্ন স্টলে মিলছে ফল, ঔষধি ও মসলাজাতীয় গাছের চারা।
গতকাল বুধবার ফেনী শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আয়োজিত মেলায় গিয়ে দেখা যায়, স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্টল ঘুরে ঘুরে গাছের চারা দেখছেন। চারা বিক্রিও হচ্ছে বেশ।
মেলায় আসা এক ব্যক্তি বলেন, একসঙ্গে এত ধরনের গাছের চারা কোনো নার্সারিতে পাওয়া যাবে না। তাই তিনি মেলায় এসেছেন।
মেলার মাঠে কথা হয় সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সঙ্গে। বিদ্যালয়ের আঙিনায় রোপণের জন্য তিনি দেড় হাজার টাকার নানা জাতের সৌন্দর্যবর্ধক গাছের চারা কিনেছেন।
সাইমুম গার্ডেনের মালিক আবুল খায়ের বলেন, মেলায় তাঁদের স্টলে বিভিন্ন ধরনের ফলের চারা আছে। এ ছাড়া আছে নানা জাতের ঔষধি গাছের চারা। তাঁরা বিভিন্ন ধরনের মসলাজাতীয় গাছের চারাও বিক্রি করছেন।
গত বুধবার নয় দিনব্যাপী এই বৃক্ষমেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করছে।
মেলায় ৩০টি স্টল আছে। মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত।